গেরুয়া আবিরে উচ্ছ্বাসের ঢেউ! কালিয়াগঞ্জে বিজেপির বিজয় মিছিলে জনজোয়ার, নেতৃত্বে জয়ী বিধায়ক উৎপল মহারাজ_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৬ মে: রাজ্যে পরিবর্তনের সরকার গঠনের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিজেপির বিজয় উল্লাস। সেই আবহেই শনিবার কালিয়াগঞ্জ শহরে দেখা গেল এক বিশাল অভিনন্দন ও বিজয় মিছিল। নেতৃত্বে ছিলেন সদ্য জয়ী কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক উৎপল মহারাজ। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিল পরিক্রমা করে, আর সেই মিছিলে অংশ নেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকরা।গেরুয়া আবির, দলীয় পতাকা, ঢাক-ঢোল আর “বিজেপি জিন্দাবাদ” স্লোগানে এদিন কার্যত গেরুয়া রঙে রাঙিয়ে ওঠে কালিয়াগঞ্জ শহর। মিছিলে যুবক থেকে প্রবীণ— সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকের হাতেই ছিল পদ্মফুলের প্রতীক ও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের ছবি সম্বলিত ব্যানার।
মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তার প্রতিটি দিকেই পুলিশকে যথেষ্ট তৎপর দেখা যায়।এদিনের এই বিজয় মিছিল থেকে এজয়ী বিজেপি বিধায়ক উৎপল মহারাজ বলেন,“এটা শুধু বিজেপির জয় নয়, এটা সাধারণ মানুষের জয়। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার মানুষ আজ মুখ খুলেছেন। কালিয়াগঞ্জের মানুষ আমাকে যে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার মর্যাদা আমি সর্বদা রাখব। আগামী দিনে উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ গড়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন,
“আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা চাই উন্নয়নের রাজনীতি। কালিয়াগঞ্জকে নতুনভাবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়েই কাজ করব।”মিছিলে অংশ নেওয়া এক বিজেপি কর্মী বলেন,“আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছে। তাই আমরা উৎসব করছি। কালিয়াগঞ্জে এবার উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”আরেক সমর্থকের কথায়,“উৎপল মহারাজ মানুষের পাশে থেকে কাজ করেছেন বলেই মানুষ তাঁকে জয়ী করেছে। আজকের এই ভিড়ই প্রমাণ করছে সাধারণ মানুষের সমর্থন কতটা বিজেপির দিকে রয়েছে।”সব মিলিয়ে এদিন কালিয়াগঞ্জের বিজয় মিছিল ঘিরে ছিল উৎসবের আবহ। রাজনৈতিক উত্তেজনার মাঝেও শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রশাসনেরও। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিনন্দন মিছিল ও জনসংযোগ কর্মসূচি চলবে।


