কালিয়াগঞ্জ হনুমান ভবনে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি বৈঠক ,২ থেকে ১০ মার্চ কর্মসূচি, রুট ও রথ পরিক্রমা নিয়ে চূড়ান্ত আলোচনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | উত্তর দিনাজপুর | ২৪ ফেব্রুয়ারি:সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কালিয়াগঞ্জের হনুমান ভবনে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি ঘিরে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় পরিবর্তন যাত্রার রূপরেখা, রথ পরিক্রমার পথ ও কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ মণ্ডল সভাপতি নিমাই কবিরাজ, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, জেলা বিজেপি নেতা কমল সরকার, সাধন ঘোষ, কার্তিক পাহান, গৌরাঙ্গ দাস, বিধানসভা কনভেনর বসন্ত রায় এবং তফসিলি মোর্চার জেলা সভাপতি তারিণী কুমার রায়-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।বৈঠক শেষে বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন,“পরিবর্তন যাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর একটি গণআন্দোলন।

কালিয়াগঞ্জের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে এই বার্তা পৌঁছে দেওয়া হবে।”কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তাঁর বক্তব্যে বলেন,“বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতা মানুষ নিজের চোখেই দেখছে। পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি মানুষের সেই ক্ষোভ ও প্রত্যাশার কথা রাস্তায় নামিয়ে আনবে।”দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি চলবে। তারই প্রস্তুতি হিসেবে এদিন কালিয়াগঞ্জে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।জেলা নেতৃত্বের একাংশের দাবি, এসআইআর পর্বের বৈঠক শেষ হলেই মার্চ মাসের প্রথম দিকেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে এবং সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।বৈঠকে উপস্থিত নেতারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করার আহ্বান জানান এবং পরিবর্তন যাত্রাকে সফল করে তোলার জন্য বুথস্তরে সংগঠন আরও মজবুত করার উপর জোর দেন।