কর্ণজোড়ায় ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে বিশেষ বৈঠক, প্রশাসনের সঙ্গে বৈঠকে মন্ত্রী–সাংসদ
তপন চক্রবর্তী, কর্ণজোড়া, ১৪ সেপ্টেম্বর:‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক। জেলার উন্নয়ন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া
এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।কর্ণজোড়ার জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, মন্ত্রী কৌশিক চৌধুরী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিভাগ ইনচার্জ শঙ্কর চক্রবর্তী-সহ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে জনসাধারণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক সমন্বয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।
মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলেও যথেষ্ট গুরুত্ব লক্ষ্য করা যায়।সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও জনমুখী করার পাশাপাশি জেলার প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেদিকেও বিশেষ নজর দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।মন্ত্রী, সাংসদ, বিভাগীয় নেতৃত্ব এবং জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে আগামী দিনে উত্তর দিনাজপুরে জনপরিষেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

