আয়কর স্ল্যাব অপরিবর্তিত, ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন
নিজস্ব প্রতিনিধি:মধ্যবিত্তের আয়করে বড় কোনো স্বস্তি বা ধাক্কা—কোনোটাই নেই। আয়কর স্ল্যাব অপরিবর্তিত রেখেই ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো—১৯৬১ সালের পুরনো আয়কর আইন বাতিল করে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে সম্পূর্ণ নতুন আয়কর আইন (
Income Tax Act, 2025) কার্যকর করা হবে।রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার ছুটির দিনে সংসদে বাজেট পেশ করে নজির গড়লেন অর্থমন্ত্রী। এটি তাঁর টানা নবম বাজেট। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটের আকার ধরা হয়েছে ৫৩.৫ লক্ষ কোটি টাকা।

সরকারের দাবি, প্রযুক্তি, উৎপাদন এবং পরিকাঠামোয় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যেই এগোচ্ছে দেশ।নতুন আয়কর আইনের মাধ্যমে কর ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। যদিও ব্যক্তিগত আয়করের স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি, তবে করদাতাদের প্রশাসনিক স্তরে কিছু স্বস্তি দেওয়া হয়েছে। আয়কর রিটার্ন (ITR) সংশোধনের শেষ সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। পাশাপাশি বিদেশে থাকা সম্পত্তি ঘোষণা করার জন্য করদাতাদের ছয় মাসের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতেও মিলেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। ক্যান্সারের ১৭টি ওষুধ এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এবারের বাজেটে প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর বক্তৃতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)’ শব্দটি ১১ বার উঠে এসেছে। এছাড়াও সাতটি নতুন হাই-স্পিড রেল করিডোর নির্মাণের ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৭.৮৫ লক্ষ কোটি টাকা, যা পরিকাঠামো উন্নয়ন ও জাতীয় নিরাপত্তায় সরকারের অগ্রাধিকারকে আরও স্পষ্ট করেছে।সামগ্রিকভাবে, বাজেট ২০২৬ আয়কর স্ল্যাবে বড় পরিবর্তন না আনলেও কাঠামোগত সংস্কার, প্রযুক্তিনির্ভর প্রশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকেই ইঙ্গিত দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।




![]()
