৮০তম স্বাধীনতা দিবস: রায়গঞ্জ জেলা সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন জেলাশাসকের, বন্দি ও জেলাবাসীর উদ্দেশে বিশেষ বার্তা
অমিত পাল রায়গঞ্জ :- দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সাক্ষী থাকল রায়গঞ্জ কলেজপাড়ার উত্তর দিনাজপুর জেলা সংশোধনাগার। শুক্রবার অত্যন্ত মর্যাদার সঙ্গে সংশোধনাগার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলার জেলাশাসকশেভালে অভিজিৎ তুকারাম, আইএএস। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সমাহর্তা (সাধারণ)প্রিয়াঙ্কা সিং মেহতা এবং সংশোধনাগারের শীর্ষ আধিকারিকেরা।জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ও অগণিত ত্যাগী মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।যাঁদের আত্মবলিদান ও নৈতিক লড়াইয়ের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল কর্মকর্তা।

অনুষ্ঠানে সংশোধনাগারের বন্দিদের পাশাপাশি সমগ্র জেলাবাসীর উদ্দেশে এক বিশেষ অনুপ্রেরণামূলক বার্তা দেন জেলাশাসক। তিনি জানান, স্বাধীনতা শুধু অতীতকে স্মরণের দিন নয়, এটি সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার ও দায়িত্ব পালনের সুযোগ। সংশোধনাগারের বন্দিদের মূলস্রোতে ফেরানো এবং তাঁদের নতুন করে পথচলার ওপরও জোর দেওয়া হয়।এছাড়া, এদিনের বক্তব্য তুলে ধরা হয় বর্তমান রাজ্য ও দেশের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও উদ্যোগের কথা। বিশেষ করে দেশের ঐতিহ্য ও ঐক্যের প্রতীক ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ‘আয়ুষ্মান ভারত’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির কার্যকারিতা ও গুরুত্ব বিস্তারিতভাবে ব্যক্ত করেন জেলাশাসক।জাতীয় পতাকাকে সালাম জানিয়ে এবং বন্দিদের পরিবেশিত দেশাত্মবোধক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় স্বাধীনতা দিবসের এই আবেগঘন ও বর্ণাঢ্য আয়োজন।

