সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত: উত্তর দেবীনগরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ
অমিত পাল রায়গঞ্জ রায়গঞ্জ: দুস্থ ও সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক মহৎ সামাজিক উদ্যোগ নেওয়া হলো উত্তর দেবীনগরে। ‘উত্তর দেবীনগর মহিলা সমিতি’র বিশেষ উদ্যোগে এবং ‘লায়ন্স ক্লাব উত্তর দিনাজপুর’-এর প্রত্যক্ষ পরিচালনায় আয়োজিত হলো এক বৃহৎ বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা (আই ক্যাম্প) ও ওষুধ বিতরণ কর্মসূচি।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রূপায়ণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী সৌমিদীপ সরকার।

তাঁর এই সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত সব স্তরের মানুষ।এদিনের এই বিশেষ স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী তাঁদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। পাশাপাশি, ‘লায়ন্স ক্লাব উত্তর দিনাজপুর’-এর অভিজ্ঞ টেকনিশিয়ান ও চিকিৎসকদের যৌথ উদ্যোগে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ছানি ও চোখের নানাবিধ সমস্যায় ভোগা রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও শহরতলির যেসব মানুষ টাকার অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁদের পাশে দাঁড়াতেই এই প্রয়াস। উত্তর দেবীনগর মহিলা সমিতি ও সৌমিদীপ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকা জুড়ে উপকৃত হওয়া বহু মানুষ। আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনমুখী সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমিতি সূত্রে জানানো হয়েছে।

