“২৩ এপ্রিলেই পরিবর্তন, জিতলেই ৩০০০ টাকা ‘লক্ষ্মী ভাণ্ডার’”— রায়গঞ্জে প্রচারে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর বড় ঘোষণা
তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ-এ ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। ২৩শে এপ্রিলের ভোটকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন কৌশিক চৌধুরী। প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে পরিবর্তনের ডাক দেন।তিনি বলেন, “মানুষ গত পাঁচ বছর ধরে অত্যাচার সহ্য করেছে।

সবাই এখন ২৩শে এপ্রিলের অপেক্ষায়। মানুষ চায় এই সরকারের অবসান হোক, নতুন সূর্য উঠুক, ভালো দিন আসুক।” তাঁর দাবি, গ্রাম থেকে শহর— সর্বত্রই বিজেপি কর্মীদের প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে কৌশিক চৌধুরী বলেন, “এখন পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে।
কাটমানি, চাকরির অভাব, গরু ও কয়লা পাচার, রেশন দুর্নীতি— সব মিলিয়ে মানুষ অতিষ্ঠ। যুবকদের কাজ নেই, তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এই সরকারের পরিবর্তন এখন সময়ের দাবি।”এদিন তিনি বড় প্রতিশ্রুতিও দেন। তাঁর কথায়, “বিজেপি সরকার গঠন হলেই আগামী ১লা জুন থেকে প্রতিটি মা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় মাসে ৩০০০ টাকা করে পাবেন।” পাশাপাশি যুবকদের জন্য কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, সেই সুবিধাগুলি আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া হবে।নিজের লড়াই প্রসঙ্গে কৌশিকবাবু জানান, তাঁর কোনও ব্যক্তিগত প্রতিপক্ষ নেই। “এটা ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয়, এটা মতাদর্শের লড়াই। যারা সাধারণ মানুষের সঙ্গে নেই, যারা দুর্নীতিতে জড়িত— তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। এটা শুধু বিজেপির নয়, রাজ্যের কোটি কোটি মানুষের লড়াই,” বলেন তিনি।জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। তাঁর দাবি, “১০০ শতাংশ নিশ্চিত আমরা জিতব। গ্রামাঞ্চলের মানুষ আমাদের আশীর্বাদ করছেন, বিপুল ভোটে জয় আসবে।”প্রচার শুরুর আগে এদিন বিজেপি প্রার্থীকে বন্দর কালীবাড়ি-তে পুজো দিতে দেখা যায়। এরপর দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েন তিনি।২৩শে এপ্রিলের ভোটকে ঘিরে এখন চোখ রায়গঞ্জবাসীর— পরিবর্তনের হাওয়া কতটা জোরালো, তারই উত্তর মিলবে ভোটবাক্সে। 🗳️

