হাসপাতাল পাড়া ঐক্য মঞ্চের উদ্যোগে একদিনের চার দলীয় মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয় নন্দঝার ছাত্র সমাজ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ২৯ জুলাই:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার রানিং বুলেট মাঠে হাসপাতাল পাড়া ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায় একদিনের চার দলীয় মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই মহিলা ফুটবল নক আউট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে_নন্দঝার ছাত্রসমাজ এবং রানার্স দলের মার্যাদা পায় কুশমন্ডি উচ্চ বিদ্যালয়।

নন্দঝার ছাত্র সমাজ কুশমন্ডি উচ্চ বিদ্যালয়কে ৬_০ গোলে পরাজিত করে।চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিউটি রায় মোদক।কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া ঐক্য মঞ্চের সম্পাদক কাজল মোদক সহকারী বলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার নন্দঝার বিদ্যালয়,এবং দক্ষিণ দিনাজপুর জেলার চৌষা উচ্চ বিদ্যালয় লোহাগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের মোট চারটি মহিলা ফুটবল দলকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে চারটি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক রাম চন্দ্র ঘোষ,

হাসপাতাল পাড়া ঐক্য মঞ্চের উপদেষ্টা দিলীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ।কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাবের মহিলা ফুটবল খেলাকে কেন্দ্র করে হাসপাতাল পাড়ায় ছিল চোখে পড়ার মত উন্মাদনা। দীর্ঘদিন বাদে কালিয়াগঞ্জ শহরের হাসপাতালপাড়া ঐক্য মঞ্চের উদ্যোগে মহিলা দলের ফুটবল খেলার আয়োজন করার জন্য কালিয়াগঞ্জ শহর তথা হাসপাতাল পাড়ার ক্রীড়া প্রেমী মানুষজন হাসপাতাল পাড়া ঐক্য মঞ্চের সমস্ত কর্মকর্তাদের এই ধরনের উদ্যোগের প্রশংসা করে।