স্বাধীনতা দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জ পৌরসভায় অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা, খুদেদের উৎসাহে মুখর পৌরসভা ভবন
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২৯ জুলাই :আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের নির্দেশে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

সকাল থেকেই খুদে প্রতিযোগীদের উপস্থিতিতে পৌরসভা চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা, পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগীরা নির্ধারিত বিষয়ের উপর নিজেদের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরে।এদিন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌরাঙ্গ দাস।
তিনি বলেন,“শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে তাদের সচেতন করে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পড়াশোনা নয়, শিল্প-সাহিত্য ও সৃজনশীল চর্চার মধ্য দিয়েও একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব। আগামী দিনেও পৌরসভার পক্ষ থেকে এ ধরনের আরও নানা কর্মসূচির আয়োজন করা হবে।”প্রতিযোগিতায় অংশ নেওয়া একাধিক ছাত্র-ছাত্রীও উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের বক্তব্য, “এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এখানে আমরা ছবি আঁকার ও নিজের ভাবনা লেখার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা হলে আমরা অবশ্যই অংশ নেব।”

