সাধারণতন্ত্র দিবসের সন্ধিক্ষণেই নির্বাচনী লড়াইয়ের বার্তা—কালিয়াগঞ্জে তৃণমূলের দেওয়াল লিখনে বিধানসভা যুদ্ধের সূচনা
তন্ময় চক্রবর্তী :- সাধারণতন্ত্র দিবসের শুভ সন্ধিক্ষণ থেকেই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচির সূচনা হলো। জাতীয় উৎসবের আবহে এই কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিকভাবে স্পষ্ট বার্তা দিল শাসকদল—কালিয়াগঞ্জে বিধানসভা যুদ্ধ শুরু হয়ে গেছে।কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় স্লোগান, উন্নয়নের বার্তা ও রাজনৈতিক আহ্বান তুলে ধরে শুরু হয় এই দেওয়াল লিখন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার সহ দলের একঝাঁক নেতা-কর্মী। দেওয়াল লিখন ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা ও সংগঠিত প্রস্তুতি।এই উপলক্ষে সুজিত সরকার বলেন, “সাধারণতন্ত্র দিবস আমাদের গণতন্ত্র রক্ষার শপথের দিন।

সেই শপথ নিয়েই তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন, অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আবারও মাঠে নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার।”তিনি আরও জানান, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্য, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে। দেওয়াল লিখনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও সরকারের সাফল্য তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।রাজনৈতিক মহলের মতে, সাধারণতন্ত্র দিবসের সন্ধিক্ষণে এই দেওয়াল লিখন কর্মসূচি শুধুমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং এটি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের আগাম শক্তি প্রদর্শন। সামনের দিনগুলিতে এই কর্মসূচি আরও জোরদার হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।




