লোকসভায় কালিয়াগঞ্জ–দালিমগাঁও রেল নিয়ে বড় ঘোষণা!অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিক রূপ পাচ্ছে কালিয়াগঞ্জ স্টেশন, নতুন রেলপথে জমি অধিগ্রহণ শুরু—সংসদে জানাল কেন্দ্রীয় রেল মন্ত্রক।
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে লোকসভায় বড় তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। বুধবার লোকসভায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল দালিমগাঁও (Dalimgaon) রেলস্টেশন এবং কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নতুন রেলপথের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন তোলেন। তার উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কালিয়াগঞ্জ স্টেশনের আধুনিকীকরণের একাধিক গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নতুন রেললাইন প্রকল্পে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে।

রেলমন্ত্রীর দেওয়া লিখিত উত্তরে জানানো হয়েছে, ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিম-এর আওতায় দেশজুড়ে ১,৩৪০টি স্টেশন আধুনিকীকরণের জন্য নির্বাচিত হয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে ১০২টি স্টেশন এবং সেই তালিকায় রয়েছে কালিয়াগঞ্জ রেলস্টেশনও। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাত্রী পরিষেবার আমূল উন্নয়ন, আধুনিক স্টেশন ভবন নির্মাণ, যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী স্টেশনগুলিকে গড়ে তোলা। রেলমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কালিয়াগঞ্জ স্টেশনে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে—১২ মিটার চওড়া অত্যাধুনিক ফুট ওভারব্রিজ। যাত্রীদের সুবিধার জন্য লিফট স্থাপন। ১ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও উচ্চতা বৃদ্ধি। প্ল্যাটফর্ম শেডের উন্নয়ন। প্ল্যাটফর্মের নতুন সারফেস নির্মাণ। ২ নম্বর প্ল্যাটফর্মের ব্যাক ওয়াল উন্নয়ন। নতুন টয়লেট ব্লক নির্মাণ। আধুনিক অপেক্ষাকক্ষ (Waiting Room) তৈরি। এছাড়াও বর্তমানে স্টেশন ভবনের উন্নয়ন, সার্কুলেটিং এরিয়া এবং বাউন্ডারি ওয়ালের কাজ দ্রুত গতিতে চলছে বলে সংসদে জানানো হয়েছে। লোকসভায় রেলমন্ত্রী জানান, ডালিমগাঁও স্টেশনে বর্তমানে উচ্চ প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পার্কিং এবং সার্কুলেটিং এরিয়াসহ প্রয়োজনীয় যাত্রী পরিষেবা উপলব্ধ রয়েছে। পাশাপাশি ভারতীয় রেলে স্টেশন আধুনিকীকরণের কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে এই উন্নয়নের কাজ চালানো হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হল বহু প্রতীক্ষিত কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নতুন রেললাইন প্রকল্প নিয়ে।রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী—প্রকল্পের অনুমোদিত ব্যয় ১,১৪৭ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ১২৮ কোটি টাকা। প্রকল্পের জন্য মোট ১৬৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

এই তথ্য সামনে আসায় দীর্ঘদিন ধরে রেললাইনটির অপেক্ষায় থাকা কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। রেলমন্ত্রক জানিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় স্টেশনগুলিতে ধাপে ধাপে করা হবে—আধুনিক স্টেশন ভবন। উন্নত ওয়েটিং হল। পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট। উন্নত পানীয় জলের ব্যবস্থা। লিফট, এসকেলেটর ও র্যাম্প। প্রশস্ত ফুট ওভারব্রিজ। উন্নত প্ল্যাটফর্ম ও শেড। উন্নত পার্কিং। প্রতিবন্ধী-বান্ধব পরিকাঠামো। আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা।
‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ কিয়স্কসহ বিভিন্ন নাগরিক সুবিধা। লোকসভায় এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল উত্তর দিনাজপুরের গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি দেশবাসীর সামনে তুলে ধরেছেন। রেলমন্ত্রকের এই লিখিত জবাব থেকে স্পষ্ট, কালিয়াগঞ্জ স্টেশনের আধুনিকীকরণ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পও বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করছে।
