“রায়গঞ্জে এইমস ফেরানোর দাবিতে জনমত গড়তে বড় উদ্যোগ! গুরুত্বপূর্ণ আলোচনাসভার ডাক রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের”

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রস্তাবিত এইমস (AIIMS) পুনঃপ্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করতে এবার জনমত গড়ার পথে হাঁটছে রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম। জেলার সাধারণ মানুষ, ছাত্র-যুব, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে একটি গুরুত্বপূর্ণ আলোচনাসভার আয়োজনের ডাক দিয়েছে সংগঠনটি।

আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, রায়গঞ্জবাসীর ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ফোরামের আহ্বায়ক সপ্রতিভ চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার ২৫ মে সন্ধ্যা ৬টায় রায়গঞ্জ  এ এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বহু সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসা পরিষেবার অভাবে সাধারণ মানুষকে এখনও দূরদূরান্তে ছুটতে হয়। সেই প্রেক্ষিতে রায়গঞ্জে একটি এইমস শুধুমাত্র হাসপাতাল নয়, জেলার ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবেও কাজ করতে পারে বলে মত সংগঠনের। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, গণআন্দোলনের রূপরেখা এবং রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবিকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হবে। দল-মত নির্বিশেষে জেলার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছে ফোরাম। ফলে রাজনৈতিক ও সামাজিক মহলে এখন প্রশ্ন—রায়গঞ্জে এইমস ফেরানোর দাবিতে কি নতুন করে জনআন্দোলনের আবহ তৈরি হতে চলেছে? আগামী ২৫ মের সভার দিকে নজর থাকছে জেলার নানা মহলের।