রায়গঞ্জে আশার আলো! প্রায় পাঁচ বছর পর ফেরার সম্ভাবনা কুলিক দুগ্ধ প্রকল্প মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ নভেম্বর:প্রায় পাঁচ বছর ধরে বন্ধ কুলিক দুগ্ধ প্রকল্প। একসময় যেখানে উৎপাদিত হতো দুধ, ঘি, পনির-সহ বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী, কর্মসংস্থান হয়েছিল প্রায় ৪০ জনের। আজ সেই প্রকল্প চত্বর আগাছা ও জঙ্গলে ঢাকা, মূল ফটকে ঝুলছে তালা। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত এই সরকারি প্রকল্পটি একসময় উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুগ্ধ উৎপাদকদের অন্যতম ভরসা ছিল। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হারিয়েছেন বহু কর্মী, সমস্যায় পড়েছেন দুধ উৎপাদকরাও।

বিগত সরকারের আমলে PPP মডেলে প্রকল্পটি পুনরায় চালুর প্রস্তাব উঠলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিনের অবহেলায় নষ্ট হয়েছে পরিকাঠামো, অকেজো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির। তবে এবার নতুন করে আশার আলো দেখছেন জেলাবাসী।
রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে কুলিক দুগ্ধ প্রকল্প পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন আগামী ২১ তারিখ জেলা প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে। প্রকল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় চালুর পরিকল্পনা ও রূপরেখা তৈরি করা হবে। পরবর্তীতে সেই প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিক খোঁজখবরে প্রকল্পের বেশ কিছু সামগ্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় যন্ত্রপাতিরও ক্ষতি হয়েছে। কুলিক দুগ্ধ প্রকল্প নতুন করে চালু হলে পুরনো কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
উপকৃত হতে পারেন দুই দিনাজপুরের বহু দুগ্ধ উৎপাদক। এখন সকলের নজর ২১ তারিখের বৈঠকের দিকে। মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে কি এবার সত্যিই খুলবে প্রায় পাঁচ বছরের বন্ধ প্রকল্পের তালা? রায়গঞ্জের শিল্প ও কর্মসংস্থানের মানচিত্রে কি নতুন করে জায়গা করে নেবে কুলিক দুগ্ধ প্রকল্প? প্রতিশ্রুতির অপেক্ষা পেরিয়ে বাস্তবে প্রকল্প চালুর আশায় বুক বাঁধছেন জেলাবাসী। রায়গঞ্জের মানুষের প্রত্যাশা, ফিরুক কুলিক দুগ্ধ প্রকল্পের হারানো সুদিন।
