গোপাষ্টমীতে গো-পূজায় মাতল কালিয়াগঞ্জ! শতাধিক গরুর আরাধনায় শ্রী রাম লীলা দেবী গোশালায় ভক্তদের ঢল, সন্ধ্যায় ভজন-কীর্তনে মুখরিত উৎসব প্রাঙ্গণ!

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৭ নভেম্বর:গো-মাতার আরাধনা, ধর্মীয় ভক্তি এবং সেবার অঙ্গীকারে উৎসবমুখর হয়ে উঠল কালিয়াগঞ্জ শহর। গোপাষ্টমী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মাড়োয়ারি পট্টিতে অবস্থিত শ্রী রাম লীলা দেবী গোশালায় মঙ্গলবার সকালে ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হলো গো-পূজা উৎসব। শতাধিক গরুকে পুজো ও আরাধনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন গোশালার সদস্য ও ভক্তরা।

এই উপলক্ষে গোশালায় সকাল থেকেই ছিল উৎসবের আবহ। গো-মাতার পূজা, আরাধনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন বহু মানুষ।শ্রী রাম লীলা দেবী গোশালার সভাপতি সুরেশ শরাফ জানান, প্রতিবছরই গোপাষ্টমী তিথিতে অত্যন্ত ধুমধাম ও নিষ্ঠার সঙ্গে এই পূজার আয়োজন করা হয়।

 

এই উৎসব তাঁদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গো-মাতার প্রতি শ্রদ্ধা ও সেবার এক বিশেষ অঙ্গীকার।গোশালার সম্পাদক বিজয় কিষাণ চণ্ডক জানান, বর্তমানে তাঁদের গোশালায় শতাধিক গরু রয়েছে। সারা বছর এই গরুগুলির সঠিক পরিচর্যা, থাকার উপযুক্ত ব্যবস্থা এবং উন্নতমানের খাদ্যের জোগান নিশ্চিত করতে নিয়মিত অর্থের প্রয়োজন হয়। সেই কারণেই গোপাষ্টমীর দিন গোশালার প্রত্যেক সদস্য তাঁদের বাৎসরিক চাঁদা জমা দেন। সদস্যদের দেওয়া এই অর্থের মাধ্যমেই সারা বছর শতাধিক গরুর সেবা ও পরিচর্যার কাজ পরিচালিত হয়।শুধু সকালেই নয়, সন্ধ্যাতেও গোশালায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক ভজন ও কীর্তন। ভক্তিমূলক সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে গোশালা প্রাঙ্গণ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রচুর মানুষের সমাগম ঘটে।ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি গো-সেবা ও জীবের প্রতি ভালোবাসার বার্তা নিয়ে কালিয়াগঞ্জের শ্রী রাম লীলা দেবী গোশালায় গোপাষ্টমী উৎসব পরিণত হয় এক মিলনমেলায়। গো-মাতার আরাধনার মধ্য দিয়ে সারা বছর তাঁদের সেবার দায়িত্ব পালনের অঙ্গীকারই এদিন নতুন করে তুলে ধরলেন গোশালার সদস্যরা।