রাজনন্দিনীর সাজে মা বয়রা কালী! থানার আইসি অভিজিৎ দত্তের মাথায় স্বর্ণালংকারের বাক্স, ঢাকের তালে মন্দিরে এল মায়ের গয়না

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৮ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে শ্যামাপুজোকে ঘিরে উৎসবের আবহ। প্রতিবছরের মতো এবারও মাকে রাজনন্দিনীর সাজে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আর সেই সাজের অন্যতম আকর্ষণ মায়ের মূল্যবান স্বর্ণালংকার।

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মা বয়রা কালী মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র, সৌমেষ লাহিড়ী-সহ কমিটির অন্যান্য সদস্যরা কালিয়াগঞ্জ থানায় উপস্থিত হন। সেখানে কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্তের উপস্থিতিতে থানায় সংরক্ষিত মায়ের স্বর্ণালংকারের বাক্স বের করা হয়।

 

এরপর এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলেন কালিয়াগঞ্জবাসী। থানার আইসি অভিজিৎ দত্ত নিজেই মাথায় করে স্বর্ণালংকারের বাক্স নিয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকের বাদ্যি সহযোগে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। ঢাকের তালে তালে স্বর্ণালংকার নিয়ে মন্দিরে পৌঁছানোর এই দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও আবেগের সৃষ্টি করে।মন্দিরে পৌঁছানোর পর প্রথা মেনে মাকে একে একে স্বর্ণালংকারে সাজিয়ে তোলা হয়। রাজনন্দিনীর অপরূপ সাজে সেজে ওঠেন মা বয়রা কালী। এরপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।সকাল থেকেই মায়ের দর্শন পেতে মন্দির চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। মায়ের অপরূপ সাজ দর্শন করতে দূরদূরান্ত থেকেও বহু মানুষ মন্দিরে আসেন।ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং প্রশাসনের সঙ্গে পুজো কমিটির আন্তরিক সহযোগিতার এক সুন্দর ছবি ধরা পড়ল এদিন কালিয়াগঞ্জের মা বয়রা কালী মন্দিরে।