রক্তদানে অনন্য নজির রায়গঞ্জের সুব্রত সরকারের! চণ্ডীগড়ে জাতীয় সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে ১১০তম স্বেচ্ছায় রক্তদান, প্রশংসায় সমাজের সর্বস্তর!

তন্ময় চক্রবর্তী রক্তদানই জীবনদান—এই মন্ত্রকে জীবনের ব্রত করে এক অনন্য নজির গড়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার। এবার চণ্ডীগড়ে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি সম্পন্ন করলেন জীবনের ১১০তম স্বেচ্ছায় রক্তদান।

 

তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা।জানা গিয়েছে, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে চণ্ডীগড়ে আয়োজিত হয় জাতীয় সম্মেলন তথা ‘অল ইন্ডিয়া মোটিভেটরস মিট ২০২৬’। এই সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে যোগ দেন রায়গঞ্জের সুব্রত সরকার। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি চণ্ডীগড়ের রোটারি ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করে নিজের ১১০তম রক্তদানের মাইলফলক স্পর্শ করেন তিনি।এর আগে দিল্লি, আমেদাবাদ, কলকাতা-সহ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুরে মোট ১০৯ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন সুব্রত সরকার।

 

এবার চণ্ডীগড়ে ১১০তম রক্তদান করে তাঁর দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হলো আরও একটি স্মরণীয় অধ্যায়।চণ্ডীগড়ে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল তথা চণ্ডীগড়ের প্রশাসক শ্রী গুলাব চাঁদ কাটারিয়া। ভারতের অন্যতম ব্লাড ব্যাংক হিসেবে পরিচিত রোটারি ব্লাড ব্যাংক সোসাইটি সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরিষেবা প্রদান করে থাকে। পদ্মশ্রী কান্তা কৃষাণজীর প্রতিষ্ঠিত এই ব্লাড ব্যাংকের স্মরণে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই চণ্ডীগড়ে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।চণ্ডীগড়ের হোটেল শিবালিক ভিউতে অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলনে ভারতের ২৩টি রাজ্য থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করা, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং সমাজের মধ্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরাই ছিল এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।রায়গঞ্জের সুব্রত সরকারের এই ১১০তম রক্তদান শুধু একটি ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর এক অনন্য অঙ্গীকার। তাঁর এই উদ্যোগ আগামী দিনে আরও বহু মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।