বেতন–বকেয়া পরিশোধের দাবিতে লিমট্যাক্স চা বাগানে সাত দিনের কর্মবিরতি, দ্বিতীয় দিনেও উত্তাল শ্রমিক বিক্ষোভ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও-সুজালী অঞ্চলের লিমট্যাক্স চা বাগানে বেতন, বকেয়া পিএফ, পিএসআই-সহ একাধিক আর্থিক পাওনা দ্রুত মেটানোর দাবিতে সাত দিনের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। আন্দোলনের দ্বিতীয় দিন শুক্রবারও শতাধিক শ্রমিক বাগান চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাঁদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, পূর্বতন সংস্থা চা বাগান ছেড়ে যাওয়ার পর তৃণমূল সরকারের আমলে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি বাগানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন।

বর্তমানে একাধিক পক্ষ নিজেদের মালিক দাবি করায় প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে শ্রমিকদের উপর।শ্রমিকদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি পিএফ, পিএসআই-সহ অন্যান্য প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে। অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই, মানসিক হয়রানি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার খর্ব করার অভিযোগও তোলেন তাঁরা। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে বহু শ্রমিক ও তাঁদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।অন্যদিকে, যাঁদের জমির উপর চা বাগান গড়ে উঠেছে, সেই জমিদাতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, সমস্যার দ্রুত সমাধান না হলে প্রয়োজনে নিজেদের জমি পুনর্দখলের পথে হাঁটতে বাধ্য হবেন।আন্দোলনরত শ্রমিকদের সাফ বার্তা, বেতন, বকেয়া প্রাপ্য এবং শ্রমিক স্বার্থ–সংক্রান্ত দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত সাত দিনের কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।তবে শ্রমিকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাগান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।শ্রমিকদের আন্দোলন ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে।