“নিতাইয়ের জয়ে ১০০% নিশ্চিতি, সুজিতের নেতৃত্বে শক্তি প্রদর্শন—কালিয়াগঞ্জে তৃণমূলের মহাশক্তির বার্তা”
তন্ময় চক্রবর্তী: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে দেখা গেল এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা।

সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ঢল নামে শহরের বিভিন্ন প্রান্তে। দলীয় পতাকা, ব্যানার, ঢাক-ঢোল আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা কালিয়াগঞ্জ শহর। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এরপর তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য তার সারথি তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার এবং অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে জেলাশাসক দপ্তরে পৌঁছন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য আত্মবিশ্বাসী সুরে বলেন, “এই বিপুল জনসমর্থনই প্রমাণ করছে যে কালিয়াগঞ্জের মানুষ আমাদের সঙ্গেই আছেন। তৃণমূল কংগ্রেস এবার নিশ্চিতভাবেই জয়ী হবে—আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। রাজ্য সরকারের একের পর এক জনমুখী প্রকল্প, উন্নয়নের ধারাবাহিকতা এবং সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতির ফল এবার ব্যালট বাক্সেই প্রতিফলিত হবে। মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করবেন এবং সেই ফলাফল দেখে বিরোধীরা তার জবাব পাবে।”এদিন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকারও বলেন, “আজকের এই শোভাযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের আবেগ এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ। নিতাই বৈশ্য একজন ভূমিপুত্র, যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। তার নেতৃত্বে কালিয়াগঞ্জে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। আমরা নিশ্চিত, বিপুল ভোটে তিনি জয়ী হবেন এবং কালিয়াগঞ্জে আবারও তৃণমূল কংগ্রেসের পতাকা উড়বে।”সব মিলিয়ে, আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন স্পষ্টভাবে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এখন দেখার, এই জনসমর্থন ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়।
