দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের আংশিক প্রভাব শিলিগুড়িতে

উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে স্বাভাবিক থাকল পরিবহন পরিষেবা

শিলিগুড়ি:কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল শিলিগুড়িতে। শহরের একাধিক এলাকায় এদিন বেশ কিছু বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে পিকেটিং করেন।তবে এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরিবহন পরিষেবাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়।

ফলে শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ছিল। পরীক্ষাকেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে, শহরের একটি সরকারি ব্যাঙ্কে দেখা যায় ভিন্ন চিত্র। আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে প্রশাসনের উপস্থিতিতে ব্যাঙ্কে প্রবেশ করেন এবং পরিষেবা চালু রাখেন। এই বিষয়টি নিয়ে ধর্মঘট সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।সামগ্রিকভাবে, ধর্মঘটের প্রভাব শিলিগুড়িতে আংশিক হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়নি। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।