“দাড়িভিট আমাদের আবেগ, দোষীরা কেউ রেহাই পাবে না” — মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের খুলল দাড়িভিট মামলা, জানালেন মন্ত্রী বিরাজ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশে দাড়িভিট কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যে-ই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না এবং সকল দোষীকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সোমবার শিবডাঙ্গীপাড়া দলীয় কার্যালয়ে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই স্পষ্ট বার্তা দিলেন করণদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস।মন্ত্রী বলেন, “দাড়িভিট শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি আমাদের আবেগ, আমাদের পরিবারের অংশ।

ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের মাধ্যমে আমরা এখানে দীর্ঘদিন লড়াই করেছি। আজ আমি আমার সেই পরিবারের কাছেই যাচ্ছি।”তিনি আরও জানান, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে দাড়িভিট মামলার ফাইল পুনরায় খোলা হয়েছে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দাড়িভিটের ভাষা শহীদদের স্মৃতিসৌধকে আরও সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।ইসলামপুরে পুলিশি অভিযানে রেড লাইট এলাকা থেকে এক নাবালিকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন করা হলে বিরাজ বিশ্বাস বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। একাধিক তদন্তকারী সংস্থা ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন, “যারা দোষী, তারা অবশ্যই শাস্তি পাবে।”ইসলামপুরকে পৃথক জেলা করার দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সময়মতো এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।