জেলার সংবাদ জগতে নতুন সংযোজন! এবার শুধু সোশ্যাল মিডিয়া নয়, ছাপার অক্ষরে মানুষের দরজায় ‘নিউজ বৃত্তান্ত’, পাক্ষিক সংবাদপত্রের আত্মপ্রকাশে খুশি সংবাদপ্রেমীরা!

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ:এবার আর শুধু সোশ্যাল মিডিয়ার পর্দায় নয়, সংবাদ পৌঁছে যাবে সরাসরি পাঠকের হাতে, ছাপার অক্ষরে! জেলার সংবাদ জগতে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। আত্মপ্রকাশ ঘটেছে নতুন পাক্ষিক সংবাদপত্র ‘নিউজ বৃত্তান্ত’-এর। এই নতুন সংবাদপত্রের হাত ধরে জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ, এমনকী আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ খবরও এবার পৌঁছে যাবে পাঠকদের কাছে সংবাদপত্রের পাতায়।বর্তমান সময়ে ডিজিটাল সংবাদমাধ্যমের জনপ্রিয়তা ক্রমশ বাড়লেও ছাপার অক্ষরে সংবাদপত্র পড়ার আগ্রহ আজও মানুষের মধ্যে অটুট।

সেই ভাবনাকে সামনে রেখেই নিউজ বৃত্তান্তের এই নতুন পথচলা। জেলার আনাচে-কানাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সাধারণ মানুষের সমস্যা, সরকারি উন্নয়নমূলক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি ও আন্তর্জাতিক খবর—সবকিছুকেই সংবাদপত্রের পাতায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই পাক্ষিক সংবাদপত্রের।নতুন সংবাদপত্রের আত্মপ্রকাশকে ঘিরে ইতিমধ্যেই সংবাদপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকের বক্তব্য, ডিজিটাল সংবাদমাধ্যমের পাশাপাশি ছাপার অক্ষরে জেলার খবর প্রকাশিত হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে গ্রামের মানুষের অভাব-অভিযোগ, এলাকার সমস্যা এবং প্রতিভাবান মানুষদের কথা সংবাদপত্রের মাধ্যমে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।সাধারণ মানুষের একাংশের বক্তব্য, “সংবাদপত্র শুধু খবর পড়ার মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। গ্রামের ছোট ছোট ঘটনা, সাধারণ মানুষের কথা এবং এলাকার উন্নয়নের বিষয়গুলি যদি নিয়মিত সংবাদপত্রে উঠে আসে, তাহলে তা সমাজের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিউজ বৃত্তান্তের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”অন্যদিকে, সংবাদপত্র প্রকাশের দায়িত্বে থাকা উদ্যোক্তাদের বক্তব্য, তাঁদের মূল লক্ষ্য কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে সংবাদ পরিবেশন সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা তুলে ধরা। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সংবাদ পরিবেশনের দায়বদ্ধতাকে সামনে রেখেই নিউজ বৃত্তান্তের পথচলা এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। তাঁদের কথায়, সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং সাফল্যের কাহিনি সংবাদপত্রের পাতায় বিশেষ গুরুত্ব পাবে।সব মিলিয়ে, জেলার সংবাদ জগতে নিউজ বৃত্তান্তের এই নতুন আত্মপ্রকাশ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সংযোজন। সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির সংবাদ পরিবেশনের পাশাপাশি ছাপার অক্ষরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই উদ্যোগ আগামী দিনে কতটা জনপ্রিয়তা অর্জন করে, এখন সেটাই দেখার।