চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভা অভিযান বিজেপি যুব মোর্চার, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম পৌর ভবন

ইসলামপুর, উত্তর দিনাজপুর: ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পৌরসভা অভিযানের ডাক দেয় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। সেই কর্মসূচিকে ঘিরে ইসলামপুর শহরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।

বিজেপি কর্মী-সমর্থকদের মিছিল, পৌরসভার মূল গেটের সামনে ধাক্কাধাক্কি এবং পৌর ভবনের ভিতরে বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ইসলামপুরের শিবডাঙ্গিপাড়ায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর পৌরসভা ভবনের সামনে এসে পৌঁছায়। অভিযোগ, সেই সময় পৌরসভার মূল গেট বন্ধ থাকায় বিক্ষোভকারীরা গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরে ধাক্কাধাক্কির মধ্যে গেট খুলে গেলে বিজেপি কর্মীরা পৌরসভার ভিতরে প্রবেশ করেন।এরপর তারা চেয়ারম্যানের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তবে সেই সময় চেয়ারম্যান অফিসে উপস্থিত ছিলেন না। এরপর ভাইস চেয়ারম্যানের দপ্তরের সামনে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা দীর্ঘক্ষণ “চোর-চোর” স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আর্থিক লেনদেনে একাধিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল। তিনি বলেন, ইসলামপুর পৌরসভার বর্তমান বোর্ড সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। পৌরসভার কাজকর্মে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।অন্যদিকে, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত। তিনি বিজেপির সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর কথায়, “জনতা জানে আমরা দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পৌরসভা পরিচালনা করে আসছি। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্যই বিরোধীরা এই ধরনের নাটক করছে।”বিক্ষোভকে কেন্দ্র করে পৌরসভা চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।