খো খো রেফারি পরীক্ষায় নজরকাড়া সাফল্য! উত্তর দিনাজপুরের ২৬ জনই পাশ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৬ সেপ্টেম্বর:খো খো খেলায় উত্তর দিনাজপুর জেলার সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনুষ্ঠিত রেফারি পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলা থেকে অংশ নেওয়া ২৬ জন পরীক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

রবিবার কালিয়াগঞ্জে জেলা খো খো অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সফল পরীক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়া হয়।রবিবার দুপুরে কালিয়াগঞ্জ পাইওনিয়ার কো-অপারেটিভ সোসাইটির ভবনে অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সভায় সংগঠনের সারা বছরের বিভিন্ন কার্যক্রম, সাফল্য এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সংগঠনের সম্পাদক বরুণ দাস বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। পাশাপাশি সারা বছরের আয়-ব্যয়ের হিসাব সভায় তুলে ধরেন সংগঠনের হিসাবরক্ষক গৌতম ভদ্র। সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন এবং আগামী দিনে জেলার খো খো খেলাকে আরও জনপ্রিয় ও শক্তিশালী করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।জেলা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস জানান, ২০২৫ সালের ২২ থেকে ২৪ আগস্ট ইটাহারে ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের মাধ্যমে রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলা থেকে ওই পরীক্ষায় মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। আনন্দের বিষয়, পরীক্ষায় অংশ নেওয়া সকলেই উত্তীর্ণ হয়েছেন।রবিবারের বার্ষিক সাধারণ সভায় সেই সফল পরীক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের অভিনন্দন জানানো হয়। শংসাপত্র প্রদান করেন উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি সজল কুমার দাস এবং সম্পাদক বরুণ দাস।জেলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে উত্তর দিনাজপুরে খো খো খেলাকে আরও ছড়িয়ে দিতে প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং দক্ষ রেফারি তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একসঙ্গে ২৬ জনের রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে জেলার খো খো মহলের বড় সাফল্য হিসেবেই দেখছেন সংগঠনের কর্মকর্তারা।
