কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীকল্যান সমিতির বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বিধায়ক উৎপল মহারাজ
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২৫ মে: নির্বাচনের পর এক মুহূর্তও সময় নষ্ট করতে নারাজ কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে প্রথম অগ্রাধিকার দিয়ে সোমবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন তিনি। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসার মান বৃদ্ধি— একাধিক বিষয়ে এদিন হাসপাতাল সুপারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন বিধায়ক।উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে (ভিজিট) গিয়েছিলেন উৎপল মহারাজ।

সেখানে খামতিগুলো নিজে চোখে দেখার পরেই আজ তড়িঘড়ি রোগী কল্যাণ সমিতির এই বৈঠক ডাকেন তিনি।এদিনের বৈঠকে মূলত যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলি হলো:নতুন বিল্ডিংয়ের কাজ দ্রুত শেষ করা: হাসপাতালের নতুন ভবনের যে সমস্ত কাজ এখনও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি যাতে অতি দ্রুত শেষ করে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা যায়,দ্বিতীয়ত বর্ষাকাল সামনেই।বর্ষাকালে গ্রাম থেকে সর্প দংশনের রোগী যদি আসে তাহলে তাদের জন্য প্রয়োজনীয় ঔষুধ যেন মজুত রাখা হয়।সেই বিষয়ে সুপারকে কড়া নির্দেশ দেন বিধায়ক। সামান্য কারণেই রোগীদের অন্য হাসপাতালে ‘রেফার’ করে দেওয়ার চেনা ছবিটা বদলাতে চান উৎপল মহারাজ। তিনি সাফ জানান, পরিকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে হাসপাতালেই উন্নতমানের চিকিৎসা দিতে হবে, অযথা রোগীদের রেফার করে হয়রানি করা চলবে না।চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি: গ্রামীণ ও শহরতলীর বহু মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই ডাক্তারবাবুরা যাতে নিয়মিত এবং সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থেকে রোগী দেখেন, তা নিশ্চিত করার কথা বলেন তিনি।পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর: হাসপাতালের পরিবেশ যাতে রোগী ও তাঁদের আত্মীয়দের জন্য স্বাস্থ্যকর থাকে, তার জন্য সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কড়া বার্তা দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।এদিনের বৈঠকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা:জয়দেব রায় এবং কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু বৈঠকে উপস্থিত ছিলেন।এছাড়াও হাসপাতালের চিকিৎসকদের সাথে নার্সরা ও উপস্থিত ছিলেন।
![]()
