কালিয়াগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন: ব্লক প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে পথ কুকুরদের টিকাকরণ

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ: “জলাতঙ্ক মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য”— এই বার্তাকে সামনে রেখেই বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচি পালিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শহরজুড়ে পথ কুকুরদের গণ-টিকাকরণ (Rabies Vaccination) কর্মসূচির আয়োজন করা হয়।

 

শুক্রবার সকালে কালিয়াগঞ্জ শহর ও সংলগ্ন এলাকায় এই টিকাকরণ অভিযানের সূচনা করা হয়। প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন মোড়ে ঘুরে ঘুরে পথ কুকুরদের চিহ্নিত করে তাদের জলাতঙ্ক বিরোধী টিকা প্রদান করেন।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। তিনি নিজে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন, “জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক রোগ, কিন্তু সঠিক সময়ে সচেতনতা ও টিকাকরণের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা মানুষের পাশাপাশি প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষাতেও বদ্ধপরিকর। শহর ও গ্রামকে জলাতঙ্ক মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পথ কুকুরদের টিকা দেওয়া থাকলে সাধারণ মানুষ যেমন নিরাপদ থাকবেন, তেমনই অবলা প্রাণীগুলোও সুস্থ থাকবে।”​তিনি আরও জানান যে, প্রাণিসম্পদ বিকাশ বিভাগ নিয়মিতভাবে এই ধরণের কর্মসূচি পালন করে আসছে এবং ভবিষ্যতেও কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি কোণায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।এদিনের এই কর্মসূচিতে ব্লক প্রাণিসম্পদ আধিকারিক সহ বিভাগের অন্যান্য কর্মীরা ও স্থানীয় সমাজসেবীরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ বিভাগের এই মানবিক ও জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালিয়াগঞ্জের সাধারণ নাগরিকরা।