কালিয়াগঞ্জে দুই দিনব্যাপী চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর সূচনা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৫ এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু হল দুই দিনব্যাপী চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। বুধবার শহরের প্রাণকেন্দ্র মা বয়রা কালি মন্দির সংলগ্ন ময়দানে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। ভাস্কর ও চিত্রশিল্পী কৃষ্ণপদ বর্মনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে রাজ্য ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু শিল্পী অংশগ্রহণ করেছেন।আয়োজক কৃষ্ণপদ বর্মন জানান, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হরিরামপুরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে চিত্র ও ভাস্কর শিল্পীরা এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন।
তাঁদের সৃষ্টিশীল কাজ দর্শকদের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, উত্তর দিনাজপুর জেলায় বর্তমানে বহু প্রতিভাবান যুবক-যুবতী চিত্র ও ভাস্কর শিল্পের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা থাকলেও সরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তার অভাব রয়েছে।
কৃষ্ণপদ বর্মনের দাবি, দীর্ঘদিন ধরে জেলার শিল্পীরা একটি স্থায়ী আর্ট গ্যালারি গড়ে তোলার আবেদন জানিয়ে আসছেন।
কিন্তু এখনও পর্যন্ত সেই দাবির প্রতি প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।তিনি বলেন, জেলায় একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করা হলে স্থানীয় শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশের আরও বড় সুযোগ পাবেন এবং নতুন প্রজন্ম এই শিল্পচর্চায় উৎসাহিত হবে।
কালিয়াগঞ্জের উত্তর আর্ট ভাস্কর ও চিত্র প্রদর্শনী কেন্দ্র থেকে কালিয়াগঞ্জের চিত্র শিল্পী পুষ্পিতা মোদকের ছবি বিক্রি হতে দেখা যাচ্ছে।


