“কাউকে ATM দেবেন না, নিজের টাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে!” আবাস যোজনার উপভোক্তাদের কড়া সতর্কবার্তা পৌরপতি কার্তিক চন্দ্র পালের, ঠিকাদারদের পরামর্শ নয়—সরাসরি পৌরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগের নির্দেশ!

 

তন্ময় চক্রবর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা এবার সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু সেই টাকা তোলার ক্ষেত্রে কোনওরকম অসতর্কতা বরদাস্ত করা হবে না। বিশেষ করে ATM কার্ড অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়ে উপভোক্তাদের কড়া সতর্ক করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তাঁর স্পষ্ট বার্তা, নিজের বাড়ি নিজেকেই দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, নিজের টাকার দায়িত্বও নিজেকেই নিতে হবে। কোনও ঠিকাদার বা বাইরের লোকের হাতে নিজের ATM কার্ড তুলে দিয়ে পরে বিপদে পড়লে তার দায়ভার উপভোক্তাকেই সামলাতে হবে।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার নিজস্ব ভবনে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আগামী দিনের উপভোক্তাদের নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা দেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।এদিন উপভোক্তাদের উদ্দেশে কার্তিক চন্দ্র পাল বলেন, “আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে নিজেদের বাড়ি তৈরি করবেন।

এর মধ্যে কোনও ঠিকাদার বা অন্য কারও বুদ্ধি নেবেন না। বাড়ি তৈরির বিষয়ে কোনও পরামর্শের প্রয়োজন হলে সরাসরি পৌরসভায় আসবেন। পৌরসভার যে আধিকারিকরা রয়েছেন, তাঁদের কাছ থেকেই প্রয়োজনীয় পরামর্শ নেবেন।”এরপরই ATM কার্ড নিয়ে বিশেষভাবে সতর্ক করেন তিনি। পৌরপতির কথায়, “আমরা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব। সেই টাকা আপনারা নিজেরা তুলবেন এবং নিজেদের বাড়ি তৈরির কাজে খরচ করবেন। যাঁরা ATM ব্যবহার করেন, তাঁরা খুব সাবধান থাকবেন। পরবর্তীতে এসে যেন কেউ না বলেন, আমি আমার ATM কার্ড অন্যকে দিয়েছিলাম, টাকা ঢোকার মেসেজ আসার পর সেই ব্যক্তি টাকা তুলে নিয়েছে। তাই নিজের টাকা নিজে দায়িত্ব নিয়ে সামলাবেন। কাউকে বিশ্বাস করে নিজের ATM কার্ড বা তার গোপন তথ্য দেবেন না।”পৌরপতি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে সরকারিভাবে যে সমস্ত নিয়ম ও নির্দেশিকা রয়েছে, উপভোক্তাদের তা অবশ্যই মেনে চলতে হবে। বাড়ির গুণগত মান যাতে ভালো হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে। প্রকল্পের টাকা একসঙ্গে নয়, সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি নির্মাণের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে।

তিনি বলেন, বাড়ি নির্মাণের কাজে কোনওরকম অনিয়ম বা গাফিলতি করা চলবে না। সরকারি অর্থের সঠিক ব্যবহার করে প্রত্যেক উপভোক্তাকে নিজের বাড়ি তৈরি করতে হবে। কোনও সমস্যা বা বিভ্রান্তি তৈরি হলে বাইরের কারও শরণাপন্ন না হয়ে সরাসরি পৌরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।এদিনের আলোচনা সভা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। তিনি জানান, কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আগামী সাত দিন ধরে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যাঁরা এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারেননি, যাঁদের কাগজপত্র প্রস্তুত রয়েছে কিন্তু আবেদন করা হয়নি, অথবা যাঁরা এখনও এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁরা এই ক্যাম্পগুলিতে গিয়ে যোগাযোগ করতে পারবেন।পৌরপতি জানান, ক্যাম্পগুলিতে উপভোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও আবেদন সংক্রান্ত সহযোগিতা করা হবে।

সাত দিনের ক্যাম্পের সূচি:

  • ২৯ নভেম্বর: স্টেশনের পাশে তারা বাজার।
  • ৩০ নভেম্বর: কালিয়াগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন।
  • ১ ডিসেম্বর: হাসপাতালপাড়ার কল্পতরু ভবন।
  • ২ ডিসেম্বর: তারা বাজার।
  • ৩ ডিসেম্বর: পৌরসভার নিজস্ব ভবন।
  • ৪ ডিসেম্বর: মিউনিসিপ্যালিটি অফিস।
  • ৫ ডিসেম্বর: কল্পতরু ভবন।

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, পৌর কমিশনার গৌরাঙ্গ দাস, বর্ণালী দাস, পিয়ালী সাহা, এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল   আবাস যোজনা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ চন্দ্র-সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

 

 

সব মিলিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির আগে উপভোক্তাদের সচেতন করতে কালিয়াগঞ্জ পৌরসভার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এদিনের সভায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে পৌরপতির ATM সংক্রান্ত সতর্কবার্তা। সরকারি প্রকল্পের টাকা যাতে কোনও প্রতারণা বা অসতর্কতার কারণে অন্যের হাতে চলে না যায়, সেই বিষয়ে উপভোক্তাদের সতর্ক থাকার বার্তাই দিলেন কার্তিক চন্দ্র পাল।নিজের বাড়ি, নিজের দায়িত্ব, নিজের টাকা—ATM কার্ড অন্যের হাতে নয়! আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে পৌরপতির এই বার্তা এখন কালিয়াগঞ্জে বিশেষ আলোচনার বিষয়।