উত্তর দিনাজপুরে রেল যোগাযোগে বড় সাফল্য: সাংসদ কার্তিক পালের উদ্যোগে ফেব্রুয়ারি থেকেই বাড়ছে ট্রেনের স্টপেজ
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় বড়সড় অগ্রগতি ঘটতে চলেছে। সাংসদ কার্তিক পালের বিশেষ উদ্যোগে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে জেলায় মোট তিনটি ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। এই পদক্ষেপে জেলার সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।রেল সূত্রে জানা গেছে, ১৫৭১০/১৫৭০৯ নম্বর নিউ জলপাইগুড়ি–মালদা টাউন এক্সপ্রেস পাঞ্জিপাড়া স্টেশনে দাঁড়াবে।

নিউ জলপাইগুড়ি–মালদা টাউনগামী ট্রেনটি পাঞ্জিপাড়ায় সকাল ৮টা ২৬ মিনিটে দাঁড়াবে। পাশাপাশি, ১৫৪৬৪/১৫৪৬৩ শিলিগুড়ি জংশন–বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস কানকিতে স্টপেজ পাবে এবং শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাটগামী ট্রেনটি কানকিতে সকাল ৯টা ৫৬ মিনিটে থামবে।এছাড়াও, ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বাঙালবাড়ি স্টেশনে দাঁড়ানোর অনুমোদন পেয়েছে। হাওড়া থেকে রাধিকাপুরগামী এই ট্রেনটি বাঙালবাড়িতে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে থামবে বলে জানানো হয়েছে।

এই নতুন স্টপেজের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ কার্তিক পালকে আমন্ত্রণ জানিয়েছে রেল দপ্তর। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগের ফলে যাতায়াত আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সাংসদের এই ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র।





