ইটাহারের মাটিতে উন্নয়নের রাজনীতি—মোশারফ হোসেনের প্রচেষ্টায় বাস্তবায়িত জনস্বপ্ন
তন্ময় চক্রবর্তী ,ইটাহার:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্থানীয় বিধায়ক মোশারফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে ইটাহার ব্লকে উন্নয়নের গতি আরও একধাপ এগোল। বৃহস্পতিবার কাপাসিয়া অঞ্চলের কামারডাঙ্গা করুণা মোড়ে দীর্ঘদিনের জনদাবি মেনে গুরুত্বপূর্ণ পিচ রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।রামনগর মোড় থেকে বোচকাপাড়া পর্যন্ত প্রায় ৩.৫৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৩০ হাজার টাকা।

এই রাস্তা পুনর্নির্মাণের ফলে কাপাসিয়া সহ আশপাশের একাধিক এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে এবং যাতায়াত হবে অনেক বেশি সহজ ও স্বচ্ছন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তাঁর উপস্থিতিতে এবং বক্তব্যে উন্নয়নমূলক কাজের গুরুত্ব তুলে ধরা হয়।
বিধায়ক জানান, সাধারণ মানুষের সুবিধাই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে।আজকের এই উদ্বোধনী সভা উৎসাহ-উদ্দীপনা ও মানুষের ভালোবাসায় কার্যত জনজোয়ারে পরিণত হয়। এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই উন্নয়ন কর্মসূচিকে স্বাগত জানান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিধায়ক মোশারফ হোসেনের নিরলস প্রচেষ্টার ফলেই বহুদিনের প্রতীক্ষিত এই রাস্তার কাজ শুরু হয়েছে।ইটাহারবাসীর একাংশের মতে, এই ধরনের উন্নয়নমূলক কাজ ইটাহারের সার্বিক চেহারাই বদলে দিচ্ছে। রাস্তা নির্মাণের ফলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।






