অবৈধ মদের কারবারে বড়সড় ধাক্কা! কালিয়াগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার এক, উদ্ধার ১১৮ বোতল দেশি-বিদেশি মদ ও বিয়ার!
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২০ নভেম্বর: নেশামুক্ত কালিয়াগঞ্জ গড়ার লক্ষ্যে বড়সড় সাফল্য পেল কালিয়াগঞ্জ থানার পুলিশ। শহরের বুকেই টিনের চালার ঘরের আড়ালে চলছিল অবৈধ মদের কারবার! গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই অবৈধ কারবারের পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বারটির মালিক বিজয় কুন্ডুকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ শহরের বস্তাপট্টির দুই নম্বর রেলগুমটির কাছে একটি টিনের চালা ঘরের আড়ালে অবৈধভাবে মদের ব্যবসা চালানো হচ্ছিল।

কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্তের নির্দেশে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল ।
জানা যায় কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্তের গোপন সংকেত পেয়ে কালিয়াগঞ্জ থানার সিনিয়র আধিকারিক রামচন্দ্র ঘোষের নেতৃত্বে অভিযানে ছিলেন এএসআই শেখ সিরাজুল আলী ও বিষ্ণু রজক।
পুলিশের অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় বিজয় কুন্ডু নামে ওই অবৈধ মদের কারবারিকে। জানা গিয়েছে, ধৃত বিজয় কুন্ডুর বাড়ি কালিয়াগঞ্জ শহরের নতুনপাড়ায়।অভিযানে পুলিশ ওই টিনের চালার ঘর থেকে উদ্ধার করেছে ৩১ বোতল বিদেশি মদ, ৫৩ বোতল দেশি মদ এবং ৩৪ বোতল বিয়ার।

সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ ১১৮ বোতল। বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরে অবৈধ মদের কারবারের বিরুদ্ধে পুলিশের তৎপরতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত জানান, কালিয়াগঞ্জ শহরকে নেশামুক্ত করাই পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য।

এই লক্ষ্য পূরণে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে।পুলিশের এই অভিযানে স্বাভাবিকভাবেই অবৈধ মদের কারবারিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে শহরের অন্যান্য এলাকাতেও এমন অভিযান অব্যাহত থাকে কি না, এখন সেটাই দেখার
