হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া প্রশাসন!ইসলামপুরে হঠাৎ অভিযানে জরিমানা, তড়িঘড়ি বদলাচ্ছে সচেতনতার ছবি

ইসলামপুর: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একের পর এক কড়া নির্দেশ জারি হয়েছে। তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত— বাইক চালক ও আরোহীদের জন্য বাধ্যতামূলক হেলমেট ব্যবহার। আর সেই নির্দেশ কার্যকর করতে এবার রাস্তায় নেমেছে প্রশাসন।ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার চালানো হয় বিশেষ অভিযান।

ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে একাধিক বাইক আরোহীকে হেলমেট ছাড়া গাড়ি চালানোর অপরাধে জরিমানা করা হয়। আচমকা এই অভিযানে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালানো হচ্ছিল। মাইকিং, সচেতনতামূলক প্রচার ও ট্রাফিক নিয়ম মানার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। তারপরেই এবার সরাসরি অভিযানে নামে প্রশাসন।অভিযান চলাকালীন বহু বাইক চালককে আটক করে কাগজপত্র পরীক্ষা করা হয় এবং যাঁদের মাথায় হেলমেট ছিল না, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের এই কড়া অবস্থানে অনেকেই কার্যত হতভম্ব হয়ে পড়েন।তবে জরিমানার মুখে পড়ে অধিকাংশ বাইক আরোহীই নিজেদের ভুল স্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, এতদিন বিষয়টিকে গুরুত্ব না দিলেও এবার থেকে হেলমেট পড়েই বাইক চালাবেন। কারণ শুধু জরিমানা নয়, নিজের নিরাপত্তার জন্যও হেলমেট অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা।এদিন অভিযানের পর ইসলামপুর জুড়ে একটাই বার্তা স্পষ্ট—
“নিয়ম না মানলেই ফাইন, নিরাপত্তায় আর কোনও আপস নয়।”