স্বর্গীয় জিবতোষ সরকার মেমোরিয়াল অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি
রায়গঞ্জ নেতাজী স্পোর্টিং ক্লাবের পরিচালনা ও ব্যবস্থাপনায় ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া স্বর্গীয় জিবতোষ সরকার মেমোরিয়াল অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করল কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি। উত্তর দিনাজপুর জেলার অন্যতম সুনামধন্য এই আন্ডার-এজ ক্রিকেট টুর্নামেন্টে এ বছর পাটনা, কাটিহার, ধুলিয়ান, মালদা, চাঁচল, বালুরঘাট, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ—এই সমস্ত অঞ্চল থেকে মোট ১০টি শক্তিশালী দল অংশগ্রহণ করে।প্রাথমিক লিগ পর্যায়ে প্রথম ম্যাচে চাঁচলকে এবং দ্বিতীয় ম্যাচে টাউন ক্লাব রায়গঞ্জকে পরাজিত করে দুরন্ত ছন্দে টুর্নামেন্ট শুরু করে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি।

এরপর কোয়ার্টার ফাইনালে বিধাননগরকে হারিয়ে এবং সেমিফাইনালে টাউন ক্লাব বালুরঘাটকে পরাজিত করে আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনালে পৌঁছায় কালিয়াগঞ্জের খুদে ক্রিকেটাররা।২৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিহারের শক্তিশালী দল পাটনা PCA ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি।
গোটা টুর্নামেন্ট জুড়েই কালিয়াগঞ্জের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ খেলা, দলগত পারফরম্যান্স ও কৌশলী ক্রিকেট বিশেষভাবে নজর কাড়ে।উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্রতিযোগিতায় ২০২৪ ও ২০২৬ সালে পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়ে জেলা ক্রিকেটে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি নিজেদের ধারাবাহিক সাফল্যের নজির গড়েছে। এই সাফল্যের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার আন্ডার-১৩ ক্রিকেটে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি এক বিশেষ সম্মানজনক স্থান করে নিয়েছে।ক্রিকেটপ্রেমীদের আশা, আগামী দিনে কলকাতা ক্লাব ক্রিকেট থেকে শুরু করে রাজ্য ক্রিকেটের মঞ্চেও কালিয়াগঞ্জের ছেলে-মেয়েরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে জেলার নাম আরও উজ্জ্বল করবে।





