শিবরাত্রিতে ভক্তি ও সংস্কৃতির মিলনক্ষেত্র রাঙ্গামাটি ,ওম নমঃ শিবায় ভুবনানন্দ জয় শিব মন্দিরে স্বপন রাউনিয়ার উদ্যোগে জমজমাট গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

পিয়া চক্রবর্তী রিপোর্ট, মালদা :-মহা শিবরাত্রি উপলক্ষে মালদা জেলার রাঙ্গামাটি গ্রামে প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হল ওম নমঃ শিবায় ভুবনানন্দ জয় শিব মন্দির। উদ্যোক্তা স্বপন রাউনিয়া-র উদ্যোগে দু’দিনব্যাপী শিব পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও শিবরাত্রি উপলক্ষে বিশেষ শিব পূজার আয়োজন করা হয়। পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গম্ভীরা গান ও নাচের পাশাপাশি শিশু ও বড়দের নানা মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ আকর্ষণ ছিল শিব-পার্বতী সেজে শিল্পীদের নৃত্য পরিবেশনা। শিবের বিভিন্ন ভক্তিগীতির সঙ্গে নৃত্যের সমন্বয়ে তৈরি হয় এক আধ্যাত্মিক আবহ, যা উপস্থিত সকলের দৃষ্টি কেড়ে নেয়। ধর্মীয় অনুভূতি ও লোকসংস্কৃতির এই মেলবন্ধন রাঙ্গামাটির শিবরাত্রিকে প্রতি বছরই আলাদা মাত্রা দেয়।অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তা স্বপন রাউনিয়া বলেন,“শিবরাত্রি আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গম্ভীরা আমাদের মাটির সংস্কৃতি। শিবরাত্রির পবিত্র দিনে এই গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভক্তি ও সংস্কৃতিকে একসঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে হয়ে আসছে, আর মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।”তিনি আরও বলেন,“আজকের প্রজন্মকে আমাদের লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাই শিশু থেকে শুরু করে বড়দের জন্য আলাদা আলাদা পরিবেশনার ব্যবস্থা করা হয়েছে।”শিবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠানে ধর্ম, সংস্কৃতি ও মানুষের মিলন এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে বলেই মনে করছেন উপস্থিত দর্শনার্থীরা। রাঙ্গামাটির শিবরাত্রি যে শুধুই পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা লোকসংস্কৃতির এক বড় উৎসব—এবারের আয়োজনেও তারই প্রমাণ মিলল।