ভোটের ময়দানে ‘মানুষের সাংসদ’ কার্তিক পাল, রায়গঞ্জে গৃহ–সম্পর্ক অভিযানে গ্রামবাসীর উচ্ছ্বাস, বললেন—“আপনিই আমাদের ভরসা”
তন্ময় চক্রবর্তী :- সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলই নেমে পড়েছে চূড়ান্ত প্রস্তুতিতে। মানুষের আরও কাছে পৌঁছনো, আরও আপন হওয়াই এখন জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য। “হাম কিসি সে কম নেহি”—এই মনোভাবকে সামনে রেখেই বাড়ি বাড়ি গিয়ে নিবিড় সম্পর্ক গড়ার অভিযানে ব্যস্ত রাজনৈতিক নেতারা।

এই আবহেই শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক নম্বর মণ্ডলের বাহিন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর নারায়ণপুর বুথে গৃহ-সম্পর্ক অভিযানে অংশ নিতে দেখা গেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল-কে।নারায়ণপুর গ্রামে পৌঁছাতেই চোখে পড়ে এক অন্য ছবি। সাধারণ মানুষের মধ্যে দেখা যায় বিপুল উচ্ছ্বাস ও উৎসাহ। গ্রামবাসীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতার পাশাপাশি তাঁদের আবদারে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় সাংসদকে। কোথাও বাড়ির উঠোনে, কোথাও আবার এক জায়গায় বসে দীর্ঘক্ষণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।এই গৃহ-সম্পর্ক অভিযানে সাংসদ কার্তিক চন্দ্র পাল গ্রামবাসীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে—কেন্দ্রীয় সরকারের প্রকল্পে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন এবং রাজ্য সরকারের ব্যর্থতায় কোথায় কোথায় মানুষ বঞ্চিত হচ্ছেন।সাংসদের এই সহজ-সরল, মানুষের পাশে থাকার ভূমিকায় খুশি গ্রামবাসীরাও। তাঁদের কথায়, “আজকের দিনে এমন সাদাসিধে জনপ্রতিনিধি পাওয়া দুষ্কর। আপনি আমাদের মূল ভরসা। জেলার উন্নয়নে যেভাবে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, একের পর এক রেল প্রকল্পে উন্নয়ন এনে দিয়েছেন—তার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই।”গ্রামবাসীদের এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই যেন স্পষ্ট করে দিচ্ছে—ভোটের আগে গৃহ-সম্পর্ক অভিযানে মানুষের মন জয় করতে কতটা সফল হচ্ছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।





![]()
