রায়গঞ্জে আত্মবিশ্বাসী কৃষ্ণ কল্যাণী! ‘৯-এ ৯ জিতে মমতাকে উপহার দেব’
তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসে ভরপুর রায়গঞ্জের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দল তাঁকে পুনরায় প্রার্থী করায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।একান্ত সাক্ষাৎকারে কৃষ্ণ কল্যাণী বলেন,“দল আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ।

আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা আসনের সবকটিতেই জয়লাভ করব এবং ‘মা-মাটি-মানুষ’-এর সরকারকে উপহার দেব। এতে কোনো সন্দেহ নেই যে ২০২৬ সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন।”রায়গঞ্জে চতুর্মুখী লড়াই প্রসঙ্গে তিনি বলেন,“যেটা টেস্টেড আর যেটা রিজেক্টেড—মানুষ তা বুঝে গিয়েছে। গত দু’টি নির্বাচনে কংগ্রেস ৬৪ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছে, ফলে এখানে তাদের অস্তিত্ব নেই বললেই চলে।
বিজেপিও গত উপনির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছে। এবার ২৫ বছর পর বামফ্রন্ট প্রার্থী দিয়েছে। আগে যে বামের ভোট রামে গিয়েছিল, তা আবার বামে ফিরতে পারে। সেই হিসেবে সিপিআই(এম) প্রার্থী জীবনানন্দ সিংহের সঙ্গেই মূল লড়াই হবে বলে মনে করছি।”নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়ে তিনি বলেন,“এবার আমি রেকর্ড ভোটে জিতব—এই বিশ্বাস আমার রয়েছে।”উন্নয়নের প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী জানান,“গতবার আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, তার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করেছি। বাকি ১০ শতাংশ কাজ নিয়ে আমরা আলোচনার মাধ্যমে একটি ম্যানিফেস্টো তৈরি করব এবং তা সাধারণ মানুষের সামনে তুলে ধরব।”রাজনৈতিক মহলের মতে, কৃষ্ণ কল্যাণীর এই আত্মবিশ্বাসী বক্তব্য এবং উন্নয়নের দাবি রায়গঞ্জের নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখন দেখার, ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা ফলপ্রসূ হয়।

