রায়গঞ্জে জমজমাট জেলা দাবা চ্যাম্পিয়নশিপ, ১১২ প্রতিযোগীর অংশগ্রহণে উৎসবের আবহ ♟️
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ:প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার রায়গঞ্জের ক্যারিটাস হলে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ।

উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই একদিনের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খুদে ও অভিজ্ঞ দাবাড়ুরা অংশগ্রহণ করেন।জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা মিলিয়ে মোট ১১২ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব ৭, ৯, ১১, ১৩, ১৫ এবং ওপেন—এই ছয়টি বিভাগে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন।তিনি আরও জানান, প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী দিনে রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।বিভাগভিত্তিক প্রথম স্থানাধিকারীরা হলেন—
🔹 অনূর্ধ্ব ৭: অভিনব পাল
🔹 অনূর্ধ্ব ৯: কৌস্তব রায়
🔹 অনূর্ধ্ব ১৩: মোহাম্মদ আফি হোসেন
🔹 অনূর্ধ্ব ১৫: সৌমিক সেন
🔹 ওপেন বিভাগ: অয়ন্তিকা মন্ডল
দাবা খেলায় মেয়েদের অংশগ্রহণ ও উৎসাহ বাড়াতে বিশেষভাবে সম্মানিত করা হয় দিতিপ্রিয়া সরকার, সরোজিনী শিকদার, শিবাঙ্গী পণ্ডিত, নিলোজা বোস ও রাজন্যা প্রামাণিককে। এছাড়াও ওপেন বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন জুই দেবনাথ।এই প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের পাশাপাশি অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জেলার দাবা খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

