ভোলবদল রায়গঞ্জ স্টেশনের: ১ নম্বর প্ল্যাটফর্মে এবার পাত পেড়ে খাওয়ার প্রস্তুতি!

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ: ট্রেনের চাকা না ঘুরলেও, সেই ট্রেনের কামরাতেই এবার মিলবে সুস্বাদু পদের স্বাদ। রায়গঞ্জ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কোচ রেস্তোরাঁ তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছুদিন আগেই নির্ধারিত গন্তব্যে পৌঁছে গিয়েছিল পুরোনো একটি রেল কোচ, আর এখন দিনরাত এক করে চলছে সেটিকে সাজিয়ে তোলার কাজ।

 

রেস্তোরাঁটির ভেতর এবং বাইরের অংশে চলছে রঙের প্রলেপ ও আধুনিক অন্দরসজ্জার (Interior decoration) কাজ।সাধারণ মানুষের রুচির কথা মাথায় রেখে রেস্তোরাঁটিকে শীতাতপ নিয়ন্ত্রিত এবং আরামদায়ক করে তোলা হচ্ছে।রেল সূত্রে খবর, পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।রেলপথের পরিবেশ বজায় রেখেই ভোজনরসিকদের জন্য এটি হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। স্টেশনে আসা যাত্রী ছাড়াও শহরের সাধারণ মানুষ এখানে এসে সময় কাটাতে পারবেন।উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই উদ্যোগে রায়গঞ্জ স্টেশনের গুরুত্ব যেমন বাড়বে, তেমনই বাড়বে রেলের রাজস্ব।উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা না হলেও, সাজসজ্জার ধরণ দেখে বোঝা যাচ্ছে— প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। রায়গঞ্জ শহরবাসীর কাছে এই কোচ রেস্তোরাঁ এখন অন্যতম কৌতূহলের কেন্দ্রবিন্দু।