ভোটের আগে নিরাপত্তা জোরদার, ইসলামপুর শহরে রুটমার্চ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে ইসলামপুর শহরে রুটমার্চ করলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। মঙ্গলবার ইসলামপুরের নিউ টাউন রোড থেকে শুরু করে বাস টার্মিনাস হয়ে থানার সামনে পর্যন্ত এই রুটমার্চ অনুষ্ঠিত হয়।এই রুটমার্চে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং।

 

তাঁদের সঙ্গে ছিলেন বিশাল পুলিশবাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি ঘুরে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ভোটকে কেন্দ্র করে কোনো সমস্যা বা উদ্বেগ রয়েছে কিনা তা সরাসরি জানার চেষ্টা করেন।প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানা গেছে। ভোটের আগে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।রুটমার্চ শেষে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ইসলামপুর শহরের শান্তিনগর এলাকায় বাংলা–বিহার সীমান্তবর্তী পুলিশের নাকা চেকিং পয়েন্টে পরিদর্শন করেন। সেখানে উপস্থিত পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। যানবাহন তল্লাশি, সন্দেহভাজনদের উপর নজরদারি এবং সীমান্ত এলাকায় কড়াকড়ি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।প্রশাসনের এই সক্রিয় উদ্যোগে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যে আরও শক্তিশালী হচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল। জেলা শাসক বিবেক কুমার জানান,“ভোটকে কেন্দ্র করে যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেই লক্ষ্যে আমরা রুটমার্চ করছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা জানছি এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।”