“সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই! রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের  তৃণমূল প্রার্থী গোলাম রব্বানীর । অভিযোগে চাঞ্চল্য”

 

সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। তাঁর দাবি, নির্বাচন কমিশনের প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম নেই, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।গতকাল রাতে নির্বাচন কমিশন প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গোলাম রব্বানী। বিষয়টি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে—

 

তবে কি প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছেন তিনি? নাকি এর পিছনে অন্য কোনও প্রশাসনিক বা কারিগরি কারণ রয়েছে?যদিও বিষয়টি নিয়ে এখনও নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জল্পনা তুঙ্গে। বিরোধী দলগুলিও এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে।রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী বলেন “নির্বাচন কমিশনের প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় আমার নাম নেই। বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।”