ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, জাতীয় সড়ক অবরোধে রণক্ষেত্র করণদিঘীর রাঘবপুর জড়ীপ মোড় ,পুলিশের গাড়িতে ভাঙচুর, এলাকায় থমথমে পরিস্থিতি
প্রদীপ সিনহার রিপোর্ট করন দিঘি :– উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রাঘবপুর জড়ীপ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা। বুধবার সকালে একটি দ্রুতগতির ছোট চারচাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরসাইকেল আরোহী যুবকের। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।মৃত যুবকের নাম মহম্মদ লাল চান। তাঁর বাড়ি স্থানীয় কামারতোড় এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে খবর, দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় যুবকের আর রক্ষা হয়নি।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক চারচাকার গাড়িতে ভাঙচুর চালান এবং এরপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাঘবপুর জড়ীপ মোড় এলাকা।ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত এলাকায় পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যাপক পুলিশবাহিনী মোতায়েন করে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের গাফিলতি রয়েছে। বেপরোয়া গতি ও ট্রাফিক ব্যবস্থার অভাবের কারণেই বারবার এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের।এই ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি ঘাতক চারচাকার গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।





