বিন্দোলে প্রবীণদের পাশে সমাজ—তিন শতাধিক নাগরিককে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাচক্র 👴

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ:উত্তর দিনাজপুর জেলার বিন্দোল পঞ্চায়েত সভাকক্ষে প্রবীণ নাগরিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনাচক্র অনুষ্ঠিত হল। জেলা অবসরপ্রাপ্ত কর্মী সংগঠন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই সভায় সমাজের তিন শতাধিক প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।

এই আলোচনাচক্রে প্রবীণদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে আর্থিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি সেই সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের সম্পাদক রথীন্দ্রনাথ দাস, যাদব চৌধুরী সহ জেলা শাসকের দপ্তরের ওয়েলফেয়ার বিভাগের আধিকারিকরা। সভায় বক্তব্য রাখেন ফরিদ বক্স সহ আরও অনেকে।এদিনের সভায় সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অশোক কুমার রায়, যিনি প্রবীণদের সম্মান ও অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।এই আলোচনাচক্রকে কেন্দ্র করে বিন্দোল এলাকায় প্রবীণ নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বহু প্রবীণ তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন, যা ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণদের সমস্যা সমাধান ও তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের আলোচনা চক্রের আয়োজন করা হবে।এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মহলে প্রশংসার ঝড় উঠেছে, যা সমাজে প্রবীণদের গুরুত্ব ও মর্যাদা আরও একবার তুলে ধরল।