বিধানসভা ভোটের মুখে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ উত্তর দিনাজপুরে বিজেপির

তন্ময় চক্রবর্তী :- দুয়ারে বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক বনাম বিরোধীর টানাপোড়েনে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলও। মানুষের মন জয় করতে একের পর এক কর্মসূচি ও প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল।এই আবহেই শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

বিজেপি জেলা সভাপতির দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তার কতটা পূরণ হয়েছে আর কতটা হয়নি—সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। সেই কারণেই চার্জশিট আকারে জেলার মানুষের সামনে তৃণমূল সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরা হচ্ছে।চারটি বিধানসভা কেন্দ্র—বিশেষ করে ইসলামপুরকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে আনা হয়। ইসলামপুরে নদী থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে এলাকায় বেড়েছে অপরাধ। ধর্ষণ, শ্লীলতাহানি ও খুনের ঘটনায় মহিলারা আতঙ্কের মধ্যে রয়েছেন। শ্লীলতাহানির ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার নাজমুল হক-এর প্রসঙ্গ তুলে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করা হয়।

 

বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও প্রতিহিংসার রাজনীতিতে ক্লান্ত ইসলামপুরের সাধারণ মানুষ। চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনারা খাতুনের নাম উঠে আসে অভিযোগের তালিকায়। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গাফিলতির কারণে নবজাতকের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে।

 

এছাড়াও দাড়িভিট হাইস্কুলে অবৈধ শিক্ষক নিয়োগের প্রতিবাদে দুই ছাত্র—তাপস বর্মন ও রাজেশ সরকার-এর মৃত্যুর ঘটনাকে তৃণমূল আমলের আইন-শৃঙ্খলার অবনতির জ্বলন্ত উদাহরণ বলে দাবি করা হয়। বিজেপির অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় ইসলামপুরে রমরমিয়ে চলছে জাল আধার কার্ড তৈরির ব্যবসা।ট্যাব মানি কেলেঙ্কারি থেকে টেক্সটবুক দুর্নীতি—সব মিলিয়ে ইসলামপুরের স্কুলগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

 

পাশাপাশি এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা ও নিত্যযাত্রীদের দুর্ভোগের কথাও তুলে ধরেন বিজেপি নেতারা।স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই ইসলামপুরে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা—এমন অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

কৃষিক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ এনে বিজেপির দাবি, কিষান মান্ডিতে কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়া হচ্ছে এবং করণদিঘিতে ধান, পাট ও ভুট্টার বীজ-সহ কৃষি উপকরণ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে।বিজেপি নেতৃত্বের স্পষ্ট বার্তা, এই চার্জশিটের মাধ্যমে তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজনপোষণ ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও সজাগ করাই তাঁদের মূল উদ্দেশ্য।