বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজি করলে কড়া ব্যবস্থা, ভিডিও বার্তায় হুঁশিয়ারি চোপড়ার বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর| ৮ মে :বিজেপির নাম ব্যবহার করে এলাকায় কেউ তোলাবাজি, ভয় দেখানো বা অনৈতিকভাবে টাকা আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী।নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে চোপড়া ব্লকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। শঙ্কর অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “কেউ যদি বিজেপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।
কোনওভাবেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হবে না।”সাধারণ মানুষের সুবিধার জন্য নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন, অভিযোগ জানাতে সরাসরি ফোন করা যাবে এই নম্বরে — 99331 92011।ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন।
তাই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”শঙ্কর অধিকারীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা। স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ নতুন নয়। তাই সরাসরি অভিযোগ জানানোর সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভরসা বাড়বে।চোপড়ার রাজনৈতিক মহলেও বিজেপি প্রার্থীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী উত্তেজনার আবহে শান্তি বজায় রাখার বার্তা দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে।

