ইসলামপুর শহরে তৃণমূলের ফল নিয়ে চাপে নেতৃত্ব,বিজেপির উত্থানে বাড়ছে অস্বস্তি, চেয়ারম্যানের ইস্তফার দাবিতে সরব গেরুয়া শিবির

ইসলামপুর | ৮ মে :সারা রাজ্যে বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। একের পর এক ঘাসফুলের দুর্গ দখল করেছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এখন পদ্মফুলের উত্থানই সবচেয়ে বড় আলোচনার বিষয়।

তবে সেই গেরুয়া ঝড়ের মধ্যেও ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, গোয়ালপুকুর, চোপড়া এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্র। এই চারটি কেন্দ্রেই শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস।তবে জয় পেলেও ইসলামপুর বিধানসভায় তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে শহর এলাকার ফলাফল। বিশেষ করে ইসলামপুর পৌরসভার ১৭টি ওয়ার্ডে আশানুরূপ ফল করতে না পারায় কার্যত চাপে পড়েছে শহর তৃণমূল নেতৃত্ব।এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, “সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ইসলামপুর পৌরসভা এলাকায় বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে। বিশেষ করে শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষের সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”তিনি আরও দাবি করেন, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান যিনি বর্তমানে নবনির্বাচিত বিধায়কও হয়েছেন, তিনি নিজের ওয়ার্ডেও প্রত্যাশিত ভোট পাননি। শহর এলাকাতেও তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সুরজিৎ সেনের বক্তব্য, “নৈতিকতার খাতিরে পৌরসভার চেয়ারম্যান পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত। কারণ শহরের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা বর্তমান পৌর নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছেন।”অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য হার স্বীকার করলেও বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছে। ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী বলেন, “আমাদের বিধায়ক জয়ী হয়েছেন, এটা বড় বিষয়। পৌরসভার কাউন্সিলররাও যথেষ্ট পরিশ্রম করেছেন। তবে ইসলামপুর শহরে কম ভোট পাওয়ার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং কোথায় ঘাটতি ছিল তা খতিয়ে দেখা হবে।”রাজনৈতিক মহলের মতে, ইসলামপুর শহরে বিজেপির বাড়তে থাকা প্রভাব আগামী দিনে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে ভোটের ব্যবধান কমে আসা এবং একাধিক ওয়ার্ডে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া তৃণমূলের অন্দরেই নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।এখন দেখার, ভোটের এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে ইসলামপুর শহরে সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারে তৃণমূল, নাকি আগামী দিনে এই শহরেও আরও শক্ত ভিত গড়ে তুলবে বিজেপি।