প্রাচীন ঐতিহ্যের হাত ধরে আধুনিকতার পাঠ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সফল ‘ভারত বৌদ্ধিক’ পরীক্ষা

​নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান ও ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো জাতীয় স্তরের পরীক্ষা ‘ভারত বৌদ্ধিক (Bharat BoudhIKS) ২০২৬’। বিদ্যা ভারতী উচ্চ শিক্ষা সংস্থানের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অভাবনীয় উৎসাহ লক্ষ্য করা গেছে।ভারতীয় জ্ঞান পরম্পরাকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী এ দিন পরীক্ষায় বসেন। সামগ্রিক আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবাশীস বিশ্বাসের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি (IQSC) ডিরেক্টর অধ্যাপক প্রশান্ত কুমার মহলা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন:”আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক চেতনার বিকাশ ঘটানো। এই ‘ভারত বৌদ্ধিক’ পরীক্ষা শিক্ষার্থীদের কেবল প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাসের সাথেই পরিচয় করায় না, বরং আধুনিক বিজ্ঞানের সাথে আমাদের ঐতিহ্যের যে নিবিড় যোগসূত্র রয়েছে, তা বুঝতে সাহায্য করে।আইকিউএসসি সবসময়ই শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণামূলক মানসিকতা তৈরির ওপর জোর দেয়।

এই ধরণের পরীক্ষা শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে আরও প্রসারিত করবে।”পরীক্ষার কাঠামো ও পুরস্কার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই ১০০ নম্বরের অফলাইন পরীক্ষায় ছিল ৮০টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) এবং একটি বর্ণনামূলক প্রশ্ন। ভারতীয় জ্ঞান ব্যবস্থার ওপর ভিত্তি করে নির্দিষ্ট ২১টি বইয়ের নির্যাস থেকে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছিল। পরীক্ষায় সফল মেধাবীদের জন্য জাতীয় স্তরে আকর্ষণীয় নগদ পুরস্কার ও শংসাপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।আয়োজকদের বিশ্বাস, এই ধরণের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ এবং প্রাচীন বিজ্ঞানের প্রতি কৌতূহল দুই-ই বৃদ্ধি পাবে।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে এ দিনের এই পরীক্ষা এক নতুন বৌদ্ধিক পরিবেশের সূচনা করল।