নতুন বাস স্ট্যান্ড তৈরি হলে রায়গঞ্জের যানজট কমবে ৭৫%” — পরিদর্শনে বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রবিবার শিলিগুড়ি মোড় এলাকায় প্রস্তাবিত নতুন পৌর বাসস্ট্যান্ডের নির্মাণস্থল পরিদর্শন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পূর্ত দপ্তরের জমিটি ইতিমধ্যেই রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তর করেছে। সেই জমিতেই শুরু হয়েছে নতুন বাসস্ট্যান্ডের প্রস্তুতি পর্ব।নিচু জমি হওয়ায় বর্তমানে চলছে ভরাটের কাজ।

ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিধায়ক। এরপর ধাপে ধাপে নির্মাণ হবে বাসস্ট্যান্ডের একতলা ভবন, যা ফেব্রুয়ারি মাস নাগাদ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য, নতুন বাসস্ট্যান্ড তৈরি হলে শহরের যানজট কমবে কমপক্ষে ৭৫%। রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের সমস্যা মেটাতে এটি বড় পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করাই সরকারের মূল লক্ষ্য। নতুন বাসস্ট্যান্ড চালু হলে শহরের যানবাহন চলাচল হবে আরও সুষ্ঠু ও দ্রুত। রায়গঞ্জের উন্নয়নে এ ধরনের প্রকল্প ভবিষ্যতে আরও গতি আনবে বলেও আশাবাদী বিধায়ক।