দাবি মানা না হলে আন্দোলন চলবেই—রায়গঞ্জ ঘড়িমোড়ে আশা কর্মীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ
তপন চক্রবর্তী, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় বুধবার লাগাতার কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা।গত ২১ জানুয়ারি কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে রাজ্যব্যাপী জমায়েত চলাকালীন হাজার হাজার আশা কর্মীর উপর পুলিশের নির্মম লাঠিচার্জ ও দমননীতির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গতি রেখেই উত্তর দিনাজপুর জেলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা মিনতি সরকার এক সাক্ষাৎকারে জানান,“২১ জানুয়ারি স্বাস্থ্য ভবনের সামনে আমাদের ন্যায্য দাবির ভিত্তিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে, তার প্রতিবাদেই আজ এই অবস্থান বিক্ষোভ। রাজ্যজুড়ে আশা কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন।”মিনতি সরকার জানান, আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—

- আশা কর্মীদের মাসিক ন্যূনতম ভাতা ১৫,০০০ টাকা করতে হবে
- উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে
- কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে
- উৎসাহ ভাতা প্রদানের নিশ্চয়তা সহ মোট ৮ দফা দাবি পূরণ করতে হবে
এই দাবিগুলি মানা না হলে লাগাতার কর্মবিরতি চলবে এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন, স্পষ্ট বার্তা দেন জেলা সম্পাদিকা।রায়গঞ্জ ঘড়িমোড়ে এদিনের অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারী আশা কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন এবং রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সামান্য ভাতায় কাজ করে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করলেও সরকার তাঁদের ন্যায্য দাবি উপেক্ষা করে চলেছে।দাবি মানা না হলে এই আন্দোলন শুধু রায়গঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী দিনে আরও বৃহত্তর আকার নেবে।
