টানা তৃতীয়বার সুব্রত কাপ জয়! ইতিহাস গড়ে রাজ্যসেরা নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল, ইসলামপুরে বীরের সংবর্ধনা

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর  বৃহস্পতিবার: উত্তর দিনাজপুরের ইসলামপুরের গর্ব এখন নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল। অদম্য লড়াই, কঠোর অনুশীলন এবং দুর্দান্ত টিম স্পিরিটের জোরে টানা তৃতীয়বার সুব্রত কাপের রাজ্য চ্যাম্পিয়ন হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করল এই দল। রাজ্য ফুটবলের মঞ্চে এমন নজির গড়ে ইসলামপুরের নাম আরও একবার উজ্জ্বল করল স্কুলের কন্যারা।বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ইসলামপুরে ফিরতেই উৎসবের আবহ তৈরি হয়।

আলুয়াবাড়ি জংশন স্টেশনে ট্রফি হাতে খেলোয়াড়দের স্বাগত জানাতে ভিড় জমান অসংখ্য ক্রীড়াপ্রেমী, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। ফুলের মালা, করতালি, মিষ্টিমুখ এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর।

বিজয়ীদের এক ঝলক দেখতে এবং শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে।এবারের সুব্রত কাপের ফাইনালে নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল দুর্দান্ত খেলায় কালিম্পংয়ের প্রতিপক্ষকে পরাজিত করে রাজ্য চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখে।

টানা তিন বছর এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতে তারা শুধু নিজেদের নয়, সমগ্র উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া ইতিহাসেও এক গৌরবময় অধ্যায় রচনা করেছে।দলের কোচ চন্দন পাল বলেন,“এই সাফল্যের নেপথ্যে রয়েছে খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং জয়ের প্রতি অদম্য বিশ্বাস। টানা তিনবার সুব্রত কাপ জিতে রাজ্যের ফুটবল ইতিহাসে আমাদের দল এক অনন্য নজির গড়েছে। এখন আমাদের লক্ষ্য জাতীয় স্তরেও বাংলার হয়ে সেরার সম্মান অর্জন করা।”

এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত ইসলামপুরবাসী। শহরের বিভিন্ন মহল থেকে দলকে অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সাফল্য জেলার বহু কিশোরীকে ফুটবলের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে এবং আগামী দিনে উত্তর দিনাজপুর থেকে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।এবার রাজ্য জয়ের পর জাতীয় স্তরের সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশ নেবে নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল।

ইসলামপুর তথা উত্তর দিনাজপুরবাসীর প্রত্যাশা, রাজ্যের মতো জাতীয় মঞ্চেও সাফল্যের পতাকা উড়িয়ে দেশের সেরার আসন দখল করবে এই প্রতিভাবান দল।