কালিয়াগঞ্জের সর্ববৃহৎ শিব পূজার উদ্বোধন ,ধর্মীয় উৎসবে মিলল ভক্তি ও সম্প্রীতির বার্তা


আজ সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ডাক বাংলা রোডে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের সর্ববৃহৎ শিব পূজার আনুষ্ঠানিক উদ্বোধন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পূজার শুভ সূচনা করেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রাম নিবাস সাহা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাম নিবাস সাহা বলেন, “শিব পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আমাদের সমাজের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

ডাক বাংলা রোডের এই শিব পূজা প্রতি বছর মানুষের মধ্যে ভক্তি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে তোলে।” তিনি পূজা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে এই বৃহৎ আয়োজন সম্পন্ন করার জন্য সকলের প্রশংসা প্রাপ্য।তিনি আরও বলেন, “এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনেও এই পূজা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে—এই আশাই রাখছি।”পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। এক ভক্ত জানান, “ডাক বাংলা রোডের শিব পূজা মানেই আলাদা একটা আবেগ। এত সুন্দর সাজসজ্জা ও ভক্তিময় পরিবেশে শিবের আরাধনা করতে পেরে আমরা গর্বিত।”আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। সব বয়সের মানুষ এখানে একসঙ্গে মিলিত হন।”উল্লেখ্য, ডাক বাংলা রোডের এই শিব পূজা প্রতিবছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় এবছরও পূজাকে ঘিরে কালিয়াগঞ্জ শহরে উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে।