কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পে নতুন আশার আলো: কলকাতা হাই কোর্টে হলফনামা পেশ উন্নয়ন কমিটির

কালিয়াগঞ্জ, ২০ ফেব্রুয়ারি (তপন চক্রবর্তী):উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বহু প্রতীক্ষিত কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্প দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে। প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে কোনও রকম নোটিশ ছাড়াই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, রাজনৈতিক অপদার্থতা ও গাফিলতির কারণেই এই রেল প্রকল্প আজও আলোর মুখ দেখেনি।কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার সাধারণ মানুষের মতে, সেই সময় রেলপথ নির্মাণের কাজ বন্ধ না হলে আজ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে যেত।

এই রেলপথ চালু হলে উত্তর দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যেত বলে মত এলাকার বাসিন্দাদের।দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটাতে অবশেষে গঠিত হয় কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটি। কমিটির পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তীর মাধ্যমে সংস্থার যুগ্ম সম্পাদক প্রসূন দাস একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।ইতিমধ্যেই এই রেল প্রকল্প সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির কাছে মামলাটি অনেকটা অগ্রসর হয়েছে। সম্প্রতি কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের বিষয়ে কলকাতা উচ্চ আদালতে একটি হলফনামা পেশ করা হয়।এই উপলক্ষে কলকাতায় যান সংস্থার যুগ্ম সম্পাদক প্রসূন দাস, এক্সিকিউটিভ সদস্য ভবেশ ভট্টাচার্য, ড. কাঞ্চন দে এবং ভানু প্রতাপ শর্মা। কমিটির সদস্যরা জানান, রেলপথ বাস্তবায়নের দাবিতে তাঁরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পথসভা করে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন।সংস্থার সদস্যদের দৃঢ় বিশ্বাস, তাঁদের ধারাবাহিক আন্দোলন ও আইনি লড়াইয়ের ফলেই খুব শীঘ্রই কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেলপথ নির্মাণের কাজ ফের দ্রুতগতিতে শুরু হবে।